হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে ইউপি কার্যালয়ে হামলা ও লুটপাট

একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

ছবি: আমার দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী মোখছেদ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ন্যক্কারজনক হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় ঘটনাটি ঘটে। হামলায় পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছসহ কম্পিউটার ভাঙচুর ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোজদার রহমান বাদী হয়ে অভিযুক্ত মোখছেদ রহমানকে জামায়াতের কর্মী দাবি করে এবং তার সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, মোখছেদ ওই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সদস্য।

দরবস্ত ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আব্দুর রউফ জানান, মোখছেদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। সে জামায়াতের কোনো সদস্যই নয় বরং তার ভাই ডাবলু ও মোছলেম বিএনপির নেতা। ফলে জামায়াতের সঙ্গে তার থাকার কোনো সম্ভাবনাই নেই।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক তাণ্ডব চালিয়ে দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটার ও আসবাব ভাঙচুর করেন।

এ সময় তারা আলমারি ও ড্রয়ার থেকে পরিষদের গুরুত্বপূর্ণ ফাইল ও সরকারি নথি তছনছ করেন। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ড্রয়ারে থাকা নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে গেছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান জানান, এই হামলার ফলে পরিষদের দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটছে। গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হারিয়ে যাওয়ায় সাধারণ মানুষের সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওয়ালটন শো-রুমের ম্যানেজারের মৃত্যু

অবহেলার শিকার উত্তরের ট্রেন, ভোগান্তি যেন নিত্যসঙ্গী

পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থান যেন মাদকের আখড়া

সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

চিরিরবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

পঞ্চগড়ের সীমান্তবর্তী ৩৪ নদনদীর মুমূর্ষু দশা

ডালিয়ায় তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এখন পানিশূন্য

নবাবগঞ্জে দুর্বৃত্তের হাতে শিশু নিহত

শুধু বিরোধিতার জন্য আমরা বিরোধীদল নয়: আব্দুস সাত্তার