হোম > সারা দেশ > রংপুর

‘মানুষ বিক্রির হাটে’ টিকে থাকার সংগ্রাম

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কাজের সন্ধানে বের হন শ্রমজীবীরা। স্থানীয়দের মতে, এ অঞ্চলে প্রায় ৫০ হাজার শ্রমজীবী মানুষ রয়েছেন, যাদের বড় একটি অংশ প্রতিদিন শহরমুখী হন। রংপুর শহরের শিমুলবাগ, জামতলা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বেতপট্টি ও রেলস্টেশন এলাকায় সকাল থেকেই জড়ো হন তারা। শ্রমিকদের এই সমাগমকে অনেকে বলেন ‘মানুষ বিক্রির হাট’।

এই হাটে প্রত্যেকের সঙ্গে থাকে কাজের প্রয়োজনীয় সরঞ্জাম কাস্তে, কোদাল, শাবল, দা কিংবা ডালি। এখানে বিক্রি হয় তাদের শ্রম, সময় এবং কঠোর পরিশ্রম। ভোর থেকে দুপুর পর্যন্ত সারিবদ্ধভাবে বসে থাকেন শ্রমিকেরা‌। কেউ এসে কাজের জন্য ডেকে নেবে, এই আশায়।

সোমবার সকাল ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে ১০ জনের একটি শ্রমিক দলের সঙ্গে কথা হয়। প্রত্যেকের সাইকেলের পেছনে বাঁধা কাস্তে, কোদাল, শাবলসহ নানা সরঞ্জাম। যেন তারা প্রস্তুত, শুধু একজন ক্রেতার অপেক্ষায়।

লক্ষিটারী গ্রামের আবুল হোসেন বলেন, ভোরে বের হই, সারা দিন বসে থাকি। কেউ ডাকলে কাজ পাই, না হলে কোনো আয় থাকে না।

কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল চরের নওশা আলী ও আব্দুল হাকিম বলেন, এই হাটে বসে থাকি শুধু কাজের আশায়। যারা ডাকে, তাদের কাছে দিনভিত্তিক নিজেদের শ্রম বিক্রি করি। কাজ না থাকলে সারা দিন অপেক্ষা করেও কিছুই জোটে না।

গান্নারপাড় এলাকার দুলু মিয়া ও মোখলেস ইসলাম জানান, দিনে ৩০০ থেকে ৪০০ টাকা মজুরি পাই, সেটাও নিয়মিত না। অনেক দিন কোনো কাজই থাকে না। এখন কাজের চেয়ে মানুষ বেশি, তাই আমরা যেন হাটে বসে থাকা পণ্যের মতো হয়ে গেছি।

আওলিয়ার হাট, বিনবিনা, জয়রামওঝা, শংকরদহ চরে গিয়ে দেখা যায়, বহু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বাড়িতে নেই। কেউ গেছেন বগুড়া, কেউ কুমিল্লা, ফেনী, সিলেট কিংবা ঢাকায়— শুধু কিছু আয়ের আশায়।

ফেনীতে থাকা এক শ্রমিকের স্ত্রী আকলিমা বেগম বলেন, এলাকায় কাজ নেই বলেই ওদের বাইরে যেতে হয়। না গেলে সংসার চালানোই কঠিন।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া জানান, এই চরে প্রায় ৬০০ পরিবার রয়েছে। অন্তত ৮০০ মানুষ শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে প্রায় ৪০০ জন ইতোমধ্যে অন্য জেলায় কাজের জন্য গেছেন। বাকিরা প্রতিদিন শহরে গিয়ে কাজ খোঁজেন।

জেডএম

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

দুই শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

পাবর্তীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১১ বছরে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

ভারতীয় নাগরিকেরা পেয়েছেন বাংলাদেশি জন্মসনদ

কুড়িগ্রামে শিবির নেতার ওপর হামলার পর জামায়াত অফিসে হামলা

পুলিশের সামনে শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক