সংরক্ষিত আসনের সংসদ সদস্য (পাবনা ও সিরাজগঞ্জ) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সালামি থেকে ১০০ টাকা স্মৃতি হিসেবে রেখে দেব। কারণ আমার প্রিয় নেতার কাছ থেকে পাওয়া এই ঈদ সালামি আমার জীবনের চরম পাওয়া।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রুমা বলেন, বিগত দিনে আপনারা অনেক জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। কেউ নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য, চাকরি করতে পারেননি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই আজ আপনাদের মতো ত্যাগী নেতাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার পাঠিয়েছেন।
এমপি রুমা আরো বলেন, দলের কিছু নেতাকর্মীর ভুলে পাবনা-৩ এলাকা উন্নয়ন বঞ্চিত হয়েছে। এতে দলের নেতাকর্মীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের সাবধানে থাকতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার জাফর ইকবাল হীরক ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান।
এএস