মৌসুমকালে অতিরিক্ত বৃষ্টির কারণে কুড়িগ্রামের চর রাজিবপুরে এবার পাটের আবাদে ধস নেমেছে। ফলে রাজিবপুরের কৃষকদের পাট চাষে লোকসান গুনতে হচ্ছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন পাটচাষিরা।
মোহনগঞ্জ ইউনিয়নের পাটচাষি আজিজুর রহমান জানান, এবার তিনি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। মৌসুমকালে প্রথমে খরা থাকার কারণে জমিতে রস না থাকায়, পাটবীজ বুনতে দেরি হয়। বৃষ্টির পর জমিতে রস আসার পর তিনি পাট চাষ করেন। কিন্তু পাটবীজ বোনার তিন-চার দিন পর ভারী বৃষ্টিপাতের ফলে পাটের ক্ষেত পানিতে ডুবে যায়। মাত্র এক বিঘা জমির পাট টিকে আছে।
কোদালকাটি ইউনিয়নের পাটচাষি আমিনুর রহমান জানান, তিনি দুই একর জমিতে পাট চাষ করেছিলেন। পাটের চারা যখন এক ফুট, তখন থেকেই পাটক্ষেতে পানি জমে। ডুবে ছিল এক সপ্তাহ। এতে পাটগাছে আগাছা জমে অধিকাংশ পাট মরে গেছে। এতে আবাদের অর্ধেক পাট নষ্ট হয়ে গেছে। আবাদে লোকসান গুনতে হবে।
রাজিবপুর সদর ইউনিয়নের পাটচাষি ফরিদ উদ্দিন বলেন, পাটের আবাদে তিনি বেশি ক্ষতিগ্রস্ত। ১০ বিঘা জমির পাটের মধ্যে তার তিন বিঘার পাট টিকেছে। তাও আবার মাঝেমধ্যে গাছ নেই। এ অবস্থা উপজেলাজুড়ে ।