হোম > সারা দেশ > রংপুর

রংপুরে কালো টাকার ছড়াছড়ি, প্রশাসন নীরব

বাদশাহ ওসমানী, রংপুর

সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হচ্ছে আর কয়েক ঘণ্টা পরই। গতকাল মঙ্গলবার সকালেই শেষ হয়েছে সভা-সমাবেশসহ সব ধরনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম। তবে প্রচার শেষ হলেও ভোটের মাঠে অনিয়ম থেমে নেই—এমন অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের নেতারা।

তাদের অভিযোগ, প্রার্থীরা ভোটারদের বাড়িতে ডেকে শাড়ি, লুঙ্গি বিতরণের পাশাপাশি নগদ অর্থ দিচ্ছেন। বিশেষ করে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত জাতীয় পার্টির প্রার্থীদের বিরুদ্ধে কালো টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এসব অনিয়ম প্রশাসন জেনেও নীরব ভূমিকা পালন করছে বলে দাবি ১১ দলীয় জোটের নেতাদের। ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থীরা আচরণবিধি ভঙ্গের রেকর্ড গড়েছেন। এখনো অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে তাদের ছবিসংবলিত রঙিন ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। প্রশাসনকে জানানো হলেও সেগুলো অপসারণ করা হয়নি। উল্টো বিভিন্নভাবে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীরা প্রকাশ্যে বাড়িতে ভূরিভোজের আয়োজন ও ভোটারদের নগদ অর্থ বিতরণ করছেন বলেও অভিযোগ উঠেছে। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি জোট নেতাদের।

রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির মোকাররম হোসেন সুজনের বিরুদ্ধে ভোটারদের বাড়িতে বাড়িতে নগদ অর্থ বিতরণের অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের সমর্থকরা।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এখানে জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির কর্মী-সমর্থকরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। অপরদিকে বিএনপি কর্মীরা জামায়াতের সমর্থক ও ভোটারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট।

রংপুর-৩ (সিটি সদর) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে প্রকাশ্যে ভূরিভোজ আয়োজন এবং ভোটারদের ডেকে নগদ অর্থ বিতরণের অভিযোগ উঠেছে। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্বাচনে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন জোট নেতারা।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনি লড়াইয়ে আছেন আটজন প্রার্থী। এই আসনে বিএনপির ইমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির মাহবুবুর রহমানের বিরুদ্ধে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির প্রার্থী ফখরুজ্জামানের বিরুদ্ধে ভোটারদের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো এবং উপঢৌকন ও নগদ অর্থ বিতরণের অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী ও সমর্থকরা।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। জামায়াতের প্রার্থী মাওলানা নুরুল আমীন অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা ১১ দলীয় জোটের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিতরণের অভিযোগও ওঠে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশন এখনো তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। প্রকাশ্যে ভোটারদের নগদ অর্থ ও উপঢৌকন বিতরণের অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এতে বোঝা যায়, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন ব্যর্থ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারা পুরোপুরি লেভেলিং ফিল্ড এখনো করতে পারেননি। তবে আমরা আশা করি সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না। আচরণবিধি ভঙ্গের ঘটনায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে নির্বাচনি ডামাডোলে সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা

ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ধানের শীষের সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৪

নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

সীমান্তে নির্বাচনি ডামাডোলে সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা

গাইবান্ধা-৩ আসনের জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নীলফামারীর কিশোরগঞ্জে ৭৮ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫ টি ঝুঁকিপূর্ণ

নীলফামারীতে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া

পঞ্চগড়ে সংঘর্ষ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: ফখরুল