"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার রংপুরের কাউনিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম এবং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন।
বক্তারা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তারা জনসংখ্যাকে দেশের বোঝা নয়, বরং সম্পদে পরিণত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মাইদুল ইসলাম, আলেয়া বেগম ও চন্দন কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।