হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ছবি: আমার দেশ

লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের মেয়েশিশু হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তার রঞ্জিত কুমার (৪২) ও তার ছেলে বিধান চন্দ্রকে (২০) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন! আসামি বিধান চন্দ্র ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে রঞ্জিত কুমার ও তার ছেলে বিধান চন্দ্রকে পুলিশ আটক করে। পরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় রঞ্জিত কুমারের স্ত্রী মমতা রানীকেও (৩৮) আসামি করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এক মাস আগে ওই শিশুর বড় ভাইয়ের (১৩) সঙ্গে নলকূপের নালার পানি প্রবাহ নিয়ে বিধান চন্দ্রের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করেন বিধান।

ঘটনার পর অভিযুক্ত বিধান চন্দ্রকে নিজ বাড়ি থেকে এবং তার বাবাকে পাশের একটি বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাদের আটকের সময় বিক্ষুব্ধ জনতা আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলে পরিদর্শনে আসা লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামসহ প্রশাসনের কর্মকর্তারা প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আসামিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় স্থানীয়দের হামলায় পুলিশ সুপার, ওসিসহ কমপক্ষে ২০ জন আহত হন। বিক্ষুব্ধরা ডিসি ও এসপির গাড়িসহ সরকারি সাতটি গাড়ি ভাঙচুর করে।

প্রথমে পুলিশ সুপার আসাদুজ্জামান অবরুদ্ধ হন। পরে তাকে উদ্ধারে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। সদর থানা, ডিবি, কালীগঞ্জ থানা পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে অংশ নেন।

ঘটনার পরপরই আদিতমারী থানার ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়। পরে সদর থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজীবকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনায় নিহত নন্দিনীর বাবা নলিনী কান্ত বাদী হয়ে বিধান, তার বাবা রণজিৎ ও মা মমতা রানীর বিরুদ্ধে আদিতমারী থানায় হত্যা মামলা করেন। মামলায় বিধান ও তার বাবাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় লোকজনের দাবি, বিধান চন্দ্র পেশায় জুয়েলারি শ্রমিক হলেও মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাতে তিনি বিভিন্ন সময় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।

প্রতিবেশীরা আরো বলেন, বিধান ছোটবেলা থেকেই বেশ উগ্র স্বভাবের ছিলেন। সামাজিক ও পারিবারিক অস্থিরতার কারণে তিনি নানা রকম অপরাধের জড়িয়ে পড়েন।

নন্দিনীর মা সাবিত্রী রাণী বলেন, ‘আমার বুকের ধনকে কেড়ে নিয়েছে। আমি হত্যাকারী, তার বাবা-মা সবার ফাঁসি চাই।’ নন্দিনীর বাবা নলিনী কান্ত বলেন, ‘আমি কার কী এমন ক্ষতি করেছিলাম, যে আমার মেয়েকে এভাবে প্রাণ দিতে হবে, আমার মেয়েকে কেন হত্যা করা হলো, সেটাই বুঝতে পারছি না। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘অভিযুক্ত বিধান চন্দ্র হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক দ্বন্দ্ব ও ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। তবে ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আরো বিস্তারিত জানা যাবে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ নষ্টের ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। যেখানে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরটিতে অতিরিক্ত পুলিশ সুপারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার। তিন কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এমএইচ

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি