গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ ৫১ বছরের ভোগান্তির অবসান হয়েছে। নতুন ভবনটি উপজেলার উদাখালী ইউনিয়নের কালিরবাজার এলাকায় স্থাপন করা হয়েছে।
জানা যায়, ১৯৭৭ সালে উপজেলার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট সংলগ্ন ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ভাড়া করা ভবনে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ওই ভবনেই উপজেলার সাতটি ইউনিয়নের জমি সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা সদরে নিজস্ব ভবন নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রায় ৩৩ শতাংশ জমির ওপর কালিরবাজার এলাকায় নতুন ভবন নির্মাণ করা হয়। দুই বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন জটিলতার কারণে এতদিন অফিসটি স্থানান্তর করা সম্ভব হয়নি।
অবশেষে ২৪ মার্চ ২০২৬ থেকে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে।
ফুলছড়ি উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হুদা বলেন, “দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত।”
অফিসের কর্মচারীরাও নতুন ভবনে কাজের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, আগে গাদাগাদি করে কাজ করতে হলেও এখন পর্যাপ্ত জায়গা ও সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রি করতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন ভবনে অফিস চালু হওয়ায় এখন সেই দুর্ভোগের অবসান হয়েছে।