হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রংপুর অফিস

রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম পৌরশহরের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জামাল হোসেন (২২) নামে এক কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রংপুর আদালতে একটি মামলার হাজিরা দিতে যায় কিশোর গ্যাং সদস্য মমিনুলসহ পাঁচজন। একই মামলায় প্রতিপক্ষ গ্রুপের ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’ও আদালতে উপস্থিত ছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।

পরে আদালত প্রাঙ্গণে আপাত মীমাংসা হলেও বিকেলে বদরগঞ্জে ফিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে মমিনুলের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ফিরোজ গ্রুপকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা ফিরোজের বাড়িতে হামলা চালায়। এরপর ফিরোজ গ্রুপও পাল্টা হামলার উদ্দেশ্যে প্রতিপক্ষকে খুঁজতে থাকে।

বিকেল ৪টার দিকে বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে একা পেয়ে আরিফুল ইসলামকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রেজাউল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার ছেলে একজন সাধারণ ভ্যানচালক। হঠাৎ করে ফিরোজের গ্রুপ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই।”

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাঘাটায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

১০ লিটার জ্বালানি তেলে ১৭০ মি.লি. কম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পীরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

নীলফামারীতে দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ফুলছড়ির সাথী

গোবিন্দগঞ্জে মৃৎশিল্প টিকিয়ে রেখেছেন নারী কারিগররা

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ‘পোষ্যপুত্র’ গ্রেপ্তার

তেল কম দেয়ায় পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা