হোম > সারা দেশ > রংপুর

টানা ৪০ দিন জামাতে নামাজ, সাইকেলসহ পুরস্কার পেল ১৮ শিশু

আমার দেশ অনলাইন

শিশুদের মসজিদমুখী করা এবং জামাতের সঙ্গে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে হাবিব ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ১৮ শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে চারজন শিশুকে সাইকেল এবং বাকি ১৪ জনকে পাঞ্জাবি, পায়জামা ও টুপি উপহার দেওয়া হয়।

শুক্রবার দক্ষিণ দেওতি কিশামত পারুল গিলাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং হাবিব ফাউন্ডেশনের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাফেজ মোহাম্মদ হোসেন। তিনি বলেন, বর্তমান সমাজে অন্যায়, অনাচার ও অশ্লীলতা বেড়ে চলেছে। এ পরিস্থিতি থেকে সমাজকে মুক্ত করতে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের চর্চা বাড়াতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের কোরআন, প্রয়োজনীয় দোয়া ও কালাম শেখানোর পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করবে। কিন্তু পেশাগত শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে সততা, ঈমান, তাকওয়া ও মানবিক গুণাবলি থাকতে হবে। পরিবার ও সমাজকে ভালো রাখতে হলে সৎ সন্তান গড়ে তোলার বিকল্প নেই।

হাবিব ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, শিশুদের নামাজের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্যও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। টানা ৪০ দিন নামাজ আদায়ের মাধ্যমে শিশুদের মধ্যে যে অভ্যাস তৈরি হয়েছে, তা ধরে রাখতে পারলে তারা ভবিষ্যতেও সৎকাজে অভ্যস্ত হবে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মেধা বিকাশ শিশু নির্যাতন এন্ড কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শামীম রাহান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুরা পড়াশোনার চাপে নামাজ, কোরআন ও হাদিস শেখার পর্যাপ্ত সময় পায় না। এ অবস্থায় হাবিব ফাউন্ডেশনের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রম দক্ষিণ দেওতি থেকে শুরু করে পুরো রংপুর শহরে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতিব, আলেম-ওলামা, আমন্ত্রিত অতিথি, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মোট ১৮ শিশু এ কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে চারজন নির্ধারিত শর্ত পূরণ করে সাইকেল পুরস্কার অর্জন করে। বাকি ১৪ শিশুকে উৎসাহ ও ভালোবাসার নিদর্শন হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি উপহার দেওয়া হয়।

দিনাজপুরে অচিরেই প্রতিষ্ঠা করা হবে ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ: এমপি জাহাঙ্গীর

নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ভণ্ড পীর গ্রেপ্তার

বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ

কিশোরগঞ্জে ২৬১ এতিমের হাতে কম্বল তুলে দিল উপজেলা প্রশাসন

সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরে দুই আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নারী

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার