হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

মাহবুবুল হক খান, দিনাজপুর

দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বেদানা লিচুসহ সব ধরনের লিচু এখন বাজারে। প্রতিদিন তিন কোটি টাকার বেশি লিচু বেচাকেনা হচ্ছে। এবারে লিচু বিক্রির খাত থেকে হাজার কোটি টাকা আয়ের আশা করছে জেলা কৃষি বিভাগ।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা শহরের কালিতলায় লিচুর পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে মাদ্রাজি, বেদানা, বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচুর ব্যাপক সরবরাহ। একই অবস্থা লক্ষ্য করা গেছে শহরের অস্থায়ী লিচুর পাইকারি বাজার লিচুর রাজ্যখ্যাত মাসিমপুর এলাকায়।

দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর গ্রামে লুৎফুর রহমান বলেন, এখানে প্রতিবছরই উন্নতমানের লিচু বাগান থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা কিনে নিয়ে যায়। এবারও একইভাবে বাগান থেকে উন্নতমানের লিচু কিনে নিয়ে যাচ্ছেন। বাগান মালিকরা বাগান থেকে লিচু পেড়ে বাঁশের ঝুড়িতে ভরে প্যাকেটিং করে পাঠানোর ব্যবস্থা করেন। প্রতিদিন লিচুর বাগানগুলো থেকে কয়েকশ যানবাহনে এভাবেই লিচু নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যায়।

বর্তমানে বাজারে মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি, চায়না ফোরসহ অন্যান্য জাতের লিচু থাকলেও বোম্বাই হারিয়া, চায়না দুই, মোজাফফরি, কাঁঠালি জাতের লিচু এরই মধ্যে বাজারে উঠেছে। বিরূপ আবহাওয়ার কথা চিন্তা করে লিচু চাষিরা আগেভাগেই বাগান থেকে লিচু পেড়ে বাজারে তুলেছেন। শহরের ফলের বাজার কালিতলা নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়। জাত এবং আকার-ভেদে বিভিন্ন দামে লিচু বিক্রি হচ্ছে। যেমন—প্রতি ১০০ লিচু মাদ্রাজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা, বেদানা লিচু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা, চায়না থ্রি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা ও চায়না ফোর ১২০০ হতে ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দিনাজপুরে উৎপাদিত লিচুর ২০ ভাগ জেলার চাহিদা মিটিয়ে থাকে। আর বাকি ৮০ ভাগ লিচুই চলে যাচ্ছে সারা দেশের বিভিন্ন জেলায়।

এরই মধ্যে দিনাজপুরের সুস্বাদু ঐতিহ্যবাহী বেদানা লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত দুই বছর থেকে বেদানা লিচু বিদেশে রপ্তানি করে কৃষি অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। এর মধ্যে বেশ কিছু দেশ সুস্বাদু বেদানা লিচু কেনার জন্য কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। গত বছর দিনাজপুরের বেদানা লিচু ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ায় সফলভাবে পাঠানো হয়েছে। যে লিচুগুলো বিদেশে পাঠানো হবে, সে বাজারগুলোকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি কোম্পানি বিদেশে লিচু রপ্তানি করেছিল। গত বছর যে পরিমাণ লিচু রপ্তানি করা হয়েছিল, তার চেয়েও বেশি পরিমাণ লিচু এ বছর রপ্তানি করা হবে এমনটি জানিয়েছে কৃষি বিভাগ।

লিচুর খুচরা ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, গত বারের চেয়ে এবার বাজার চড়া। আমরা স্থানীয় বাজার ও মানুষের চাহিদা অনুযায়ী বেদানা প্রতি ১০০ লিচু ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করি। কিন্তু ঢাকার পাইকাররা নিচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা।

এতে লিচু চাষিরা ঢাকার পাইকারদের সঙ্গে জমিয়ে ব্যবসা করছেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। এতে ক্রেতাদের একটু বেশি দামে লিচু কিনতে হচ্ছে। শহরের কালিতলা নিউমার্কেটে পাইকারি বাজারে ইজারাদার দবিরুল ইসলাম বলেন, দিনাজপুর শহরে সবচেয়ে বড় ফলের বাজার এটি। এখানে প্রতিদিন তিন কোটি টাকার বেশি লিচু বিক্রি হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় ফলের এই বাজারটি দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ইজারাদারসহ লিচু বাগান মালিক ও ব্যবসায়ীরা জানিয়েছেন। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন জানান, এবারে জেলায় ৪ হাজার ৪৮৪ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩২ হাজার টন লিচু।

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭

ঠাকুরগাঁও সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ওসিসহ প্রত্যাহার পাঁচ

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড গ্রুপ নির্ণয়ে গরমিলের অভিযোগ

দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি

ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলমবিরতির আহ্বান