কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিনটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চরভূরুঙ্গামারী, পাইকেরছড়া ও তিলাই ইউনিয়নে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপি।
শনিবার মধ্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে আহ্বায়ক এবং লুৎফর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নে আবুল কাশেম আহ্বায়ক ও মতিয়ার রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক এবং ওসমান গনিকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। চরভূরুঙ্গামারী ইউনিয়নের আহ্বায়ক শাহজালাল, পাইকেরছড়া ইউনিয়নের আহ্বায়ক আবুল কাশেম এবং তিলাই ইউনিয়নের আহ্বায়ক আবুল কালাম বলেন, উপজেলা বিএনপি একটি সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য কমিটি উপহার দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এবং দেশের উন্নয়ন ও পুনর্গঠনে ভূমিকা রাখা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল জানান, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্রথম পর্যায়ে তিনটি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের অতীতের ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে এসব কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও দ্রুত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।