তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও জোরালো হচ্ছে আন্দোলন। নদী ও প্রকৃতি রক্ষায় সর্বজনের অংশগ্রহণ নিশ্চিত করতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সংহতি সভা।
শুক্রবার বিকালে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সর্বজনীন সংহতি সভা অনুষ্ঠিত হয়।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা কৃষি পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যত মেগা প্রজেক্ট হয়েছে তার ঋণের সুদ জনগণের ঘাড়ে পড়বে। সাড়ে তিন লাখ কোটি টাকায় দক্ষিণাঞ্চলে মেগা প্রকল্প শুরু হয়েছে। অথচ আমাদের অঞ্চলে কোনো উন্নয়ন দেখি না।
তিনি আরো বলেন, ঋণ কিংবা সুদ কিন্তু আমাদেরকেই দিতে হবে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তিস্তার বালু ও পাথর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এসব সম্পদের উত্তোলন পুরোপুরি বন্ধ করা যাবে না।
এ সময় আরো বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বকতিয়ার হোসেন শিশির, উত্তরের কণ্ঠের প্রকাশক তানবীর হোসেন আশরাফীসহ তিস্তা অববাহিকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।