হোম > সারা দেশ > রংপুর

বিশ্ব শিক্ষক দিবসে এমপিও ফেরার অপেক্ষা—৩৩ বছর ধরে বেতনহীন ১৮ শিক্ষক-কর্মচারী

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

বিশ্ব শিক্ষক দিবসেও অন্য দিনের মতো সকালে মাদরাসায় এসেছেন তারা। শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের খাতা দেখা ও পরীক্ষার প্রস্তুতি—সবই চলছে নিয়মমাফিক। শুধু মাস শেষে বেতন-ভাতা পান না তারা। এভাবে এক-দুই বছর নয়, কেটে গেছে দীর্ঘ ৩৩ বছর।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর আলহুদা আদর্শ দাখিল মাদরাসার ১৪ শিক্ষক ও ৪ কর্মচারী বেতন ছাড়াই দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে অনেকেই হিমশিম খাচ্ছেন। কেউ কেউ শিক্ষকতার পাশাপাশি শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালের ১ জানুয়ারি পাঠদানের অনুমতি এবং ১৯৯৭ সালের ১ জানুয়ারি একাডেমিক স্বীকৃতি পায়। ২০০০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। তবে হালনাগাদ স্বীকৃতি না থাকায় ২০০১ সালে এমপিও স্থগিত করা হয়। এরপর দীর্ঘ ৩৩ বছরেও তা পুনর্বহাল হয়নি।

এমপিও পুনর্বহালের দাবিতে ২০১৫ সালে উচ্চ আদালতে মামলা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মামলার নম্বর ১১৩৯২/১৫। কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সালের ১৬ জুলাই মামলাটির রায় প্রতিষ্ঠানের পক্ষে আসে। পরে সরকার পক্ষ আপিল করে। সর্বশেষ ২০২৬ সালের ২২ এপ্রিল প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ও প্রতিষ্ঠানের পক্ষে হয়েছে বলে দাবি তাদের। এরপরও এমপিও পুনর্বহাল হয়নি।

মাদরাসার সহকারী সিনিয়র শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, ‘৩৩ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছি। বছরের পর বছর দায়িত্ব পালন করেও মাস শেষে কোনো বেতন পাই না। পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে।’

ইবতেদায়ী কারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার তিন মেয়ে। শিক্ষকতার কোনো বেতন নেই। সংসারের খরচ চালাতে ক্লাস শেষে অন্যের বাড়িতে কামলা দিতে হয়। সারাদিন ছাত্র পড়াই, আর বিকেলে সংসারের জন্য শ্রমিকের কাজ করি।’

মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. ওবায়দুল্লাহ বলেন, ‘২০০১ সালে হালনাগাদ স্বীকৃতি না থাকায় এমপিও স্থগিত হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন মামলা চলেছে। সর্বশেষ ২২ এপ্রিল ২০২৬ সালে প্রতিষ্ঠানের পক্ষে রায় হয়েছে। এমপিও পুনর্বহাল হলে শিক্ষক-কর্মচারীদের পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে।’

তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান বলেন, ‘ঘনিরামপুর আলহুদা আদর্শ দাখিল মাদরাসাটি ১৯৯৭ সাল থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে আসছে। প্রতিবছর শিক্ষার্থীরা উত্তীর্ণ হচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।’

দীর্ঘ ৩৩ বছর ধরে বেতন ছাড়াই পাঠদান ও দায়িত্ব পালন করে আসছেন মাদরাসাটির ১৮ শিক্ষক-কর্মচারী। বিশ্ব শিক্ষক দিবসে তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে দ্রুত এমপিও পুনর্বহাল হবে এবং শেষ হবে তাদের বেতনহীন কর্মজীবনের অপেক্ষা।

এআরবি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি