বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে একসঙ্গে ৫২ জাতের ধান চাষ করে ব্যাপক সাফল্য মিলেছে। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের আওতায় গড়ে তোলা ব্যতিক্রমী এই ‘রাইস গার্ডেন’ ঘিরে স্থানীয় কৃষকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়া গ্রামটি দুই বছর আগেও সাধারণ আর ১০টি গ্রামের মতোই ছিল। তবে ব্রির এলএসটিডি প্রকল্পের অধীন গ্রামটিকে গড়ে তোলা হয়েছে ‘প্রযুক্তিগ্রাম’ হিসেবে।
এখন স্থানীয়দের কাছে এটি প্রযুক্তিগ্রাম নামেই পরিচিত। ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও আধুনিক জাতের ধান। পাশাপাশি কৃষকদের হাতে-কলমে মাঠ প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহ এবং আধুনিক পদ্ধতিতে জমি তৈরির কৌশলও শেখানো হচ্ছে। সরেজমিন দেখা যায়, রাইস গার্ডেনে ব্রি উদ্ভাবিত ৫২টি জাতের ধান পাশাপাশি রোপণ করা হয়েছে। প্রতিটি প্লটের সামনে ওই জাতের জীবনকাল, ফলন ও বৈশিষ্ট্যসংবলিত সাইনবোর্ড টাঙানো রয়েছে। এর ফলে কৃষকরা সহজেই বিভিন্ন জাতের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন ও রোগবালাই সহনশীলতার পার্থক্য সরেজমিন পর্যবেক্ষণ করতে পারছেন। এতে নিজ জমির উপযোগী সেরা জাতটি বেছে নেওয়া কৃষকদের জন্য সহজ হয়েছে। হুগলীপাড়ার কৃষক আব্দুল কাদের বলেন, ‘দেশে এত জাতের ধান আছে, তা আগে আমাদের জানা ছিল না।
এখন রাইস গার্ডেন দেখে কোন ধানে কেমন ফলন হয়, তা বাস্তবে বুঝতে পারছি। আগামী মৌসুমে এখান থেকেই পছন্দের জাত বেছে নিয়ে চাষ করব।’ আরেক কৃষক আবু সাঈদ বলেন, ‘আগে প্রতিবছর একই জমিতে জিরা-৩৪ ও কাটারি ধান চাষ করতাম। এখন বুঝেতে পারছি, একই জাত বারবার চাষ করলে রোগবালাই বাড়ে ও ফলন কমে যায়।
তাই আগামীতে ব্রির নতুন জাতের ধান আবাদ করব।’ ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান বলেন, এ প্রকল্পের মাধ্যমে ব্রি উদ্ভাবিত নতুন জাত ও আধুনিক প্রযুক্তি সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. আনোয়ার হোসেন জানান, সারা দেশের ১৫টি গ্রামকে মডেল প্রযুক্তিগ্রাম হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এ প্রকল্পের আওতায় এরই মধ্যে ব্রি ধান-১১৬, ১১৭, ১১৯ এবং ব্রি হাইব্রিড ধান-১০ অবমুক্ত করা হয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।