হোম > সারা দেশ > রংপুর

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

শনিবার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পক্ষ থেকে বাদ জোহর তার সমাধিস্থলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এনামুল্যাহসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় হাবিপ্রবির উপাচার্য বলেন, ২৭ জুন মহান কৃষক নেতার ১২৬তম জন্মবার্ষিকী এবং আগামী কাল ২৮ জুন তার ৪০তম মৃত্যুবার্ষিকী। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহান নেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী দুটিই পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামীকাল তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করা হবে। পরে বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ে তার জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তেভাগা আন্দোলনের মহান নেতা হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন অন্যতম কৃষক নেতা ছিলেন। যিনি ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের 'জনক' হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় নেতা ছিলেন। তার নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের কৃষি কলেজ ১৯৯৯ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।

হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ শে জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। সেতাবগঞ্জ থেকে প্রবেশিকা, রাজশাহী কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। পরবর্তীতে ভারতের উত্তর প্রদেশে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং আইনে বিএল ডিগ্রী লাভ করেন। ঠাকুরগাঁও আদালতে প্রথম আইনজীবী হিসেবে কর্মজীবনে শুরু করেন।

কৃষক বর্গা চাষী, ভাগ চাষী এবং প্রান্তিক চাষীদের ওপর জমিদার ও জোতদারের সীমাহীন অত্যাচার দেখে, শিশু বয়সে হাজী মোহাম্মদ দানেশের চিন্তায় বিপ্লব ঘটে। তিনি ছাত্র জীবনেই কৃষকের উপর অত্যাচারের প্রতিকারকল্পে কৃষক আন্দোলনে আকৃষ্ট হন।

হাজী দানেশ ১৯৩৮ সালে বঙ্গীয় প্রাদেশিক কমিউনিস্ট পার্টির অঙ্গ-সংগঠন কৃষক সমিতির সাথে সম্পৃক্ত হন এবং কৃষক আন্দোলন সংগঠিত করেন। তার নেতৃত্বে দিনাজপুর জেলায় টোল আদায় বন্ধ ও জমিদারি উচ্ছেদের দাবিতে কৃষক আন্দোলন জোরদার হয় এবং আন্দোলনকালে তিনি কারাভোগ করেন। নীলফামারী জেলার ডোমারে ১৯৪২ সালে অনুষ্ঠিত বঙ্গীয় কৃষক সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ।

এমই

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন

খানসামায় মাদকের ভয়াল থাবা, ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম

পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে: শিক্ষামন্ত্রী

দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস আজ