দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার সকালে উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের দেশীয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি আব্দুল মমিন (৩৬) উপজেলার বড় সুলতানপুর গ্রামের বাসিন্দা।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় খুচরা ও পাইকারিভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”