কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতের অতিরিক্ত জজ মো. জয়নাল আবেদীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম এবং নুর নাহারের পরকীয়া প্রেমিক আব্দুল গফুর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হত্যাকাণ্ডের শিকার কেতাব উদ্দিন জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের আলী মুদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহারের সাথে আব্দুল গফুরের পরকীয়া প্রেমের কারণে বিবাদ চলছিলো। এর মধ্যে ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে আসামি নুর নাহার তার স্বামীকে দাওয়াতের কথা বলে একই গ্রামে বাবার বাড়িতে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্দুল গফুর ও অন্যান্য আসামিরা যোগসাজস করে কেতাব উদ্দিনকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ তাদের বাড়ির কাছে একটি জমিতে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দশ জনের নামে ফুলবাড়ী থানায় মামলা করেন।
২০ বছর আইনি লড়াই শেষে মঙ্গলবার আদালত নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি আসামিদের খালাস দেন ।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক।
জেডএম