ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় স্বজনেরা বালিয়াডাঙ্গী থানায় জিডি করেছেন।
নিখোঁজ ছাত্রীরা হলো, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্বজনেরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে জিডি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, চার স্কুলছাত্রীর নিখোঁজের বিষয়ে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ছাত্রীদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে ।
জেডএম