যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকারকে গণভোট ও জুলাই সনদ মেনে নিতে হবে—অন্যথায় ক্ষমতা ছেড়ে দিতে হবে। যে সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ, সেই জনগণকে নিয়ে আর তামাশা করা চলবে না।
রোববার বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, এ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম এবং এনসিপি নেতা একরামুল হক আবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ ও মিছিলে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।