গাইবান্ধার পলাশবাড়ীতে মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে আটকে রেখে মারধর, নগদ টাকা ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক সাংবাদিক।
অভিযোগকারী মো. আনোয়ার হোসেন শামীম (৩২) দৈনিক আজকের পত্রিকা গাইবান্ধা জেলা প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পলাশবাড়ী উপজেলা প্রশাসন পরিচালিত একটি মোবাইল কোর্টের অভিযান ও বক্তব্য ধারণ শেষে সাংবাদিকেরা সিএনজিযোগে গাইবান্ধা শহরে ফিরছিলেন। বিকেল আনুমানিক ৪টার দিকে পলাশবাড়ী থানার আমবাগান এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে তাদের পথরোধ করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের হাতে লাঠি, লোহার রড, পাইপ ও শাবল ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সাংবাদিকদের পরিচয় জানার পরও তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের একটি পরিত্যক্ত দোকানঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এতে কয়েকজন সাংবাদিক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও উল্লেখ করেন, হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ তিন হাজার টাকা, মোবাইল ফোন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেন। পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আহত সাংবাদিকেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হয়েছে। তারা হলেন পাপুল সরকার, সিরাজুল ইসলাম রতন, সোহেল রশিদ হৃদয়, বারেজিদ মণ্ডল, স্বরণ মিয়া, সৃজন মিয়া, নিমন মিয়া, শরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, বাহিদ মিয়া, শফিকুল ইসলাম, আকাশ কবির ও রানা আহমেদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী আনোয়ার হোসেন শামীম বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে আমাদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।