দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জন কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সামনে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও তার বন্ধু রিয়াদ (১৮) মোটরসাইকেল যোগে রানীরবন্দর আসার পথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাদের রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তাদের মৃত্যু হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র মোহন্ত বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল থানার হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমই