ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা ১০ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার হিলি কাস্টমস সিআ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু করে ১৪ জুন শনিবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ জুন রবিবার থেকে পুনরায় দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য চালু হবে বলে জানানো হয়েছে।
এদিকে, সরকারি ছুটি ব্যতীত কাস্টমস ও বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিআ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, 'মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।' চাঁদ দেখা দেওয়ায় আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই উৎসব সুন্দরভাবে পালনের লক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের বিষয়টি পত্র মারফত ভারতীয় রফতানিকারক ও বন্দরের আমদানিকারক রফতানিকারকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈদের ছুটি শেষে ১৫ জুন রবিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হবে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, 'পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিআ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বন্দর দিয়ে ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন।' তবে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে। এ সময় চাইলে আমদানিকারকরা পূর্বের আমদানিকৃত পণ্য কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করে খালাস করে নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, 'ঈদুল আজহা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমের কোনো বন্ধ নেই।' ঈদের দিন থেকে শুরু করে সব দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।
এমএস