কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে ও রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে বিরাজ করছে উত্তেজনা।
বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-১ এস এর কাছ দিয়ে নারী-শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার ঝালেরচর ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্ত অবস্থান নেন। টের পেয়ে এলাকাবাসী লাঠি নিয়ে ধাওয়া দেয় বিএসএফ সদস্যদের। বর্তমানে ওই ছয়জন ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন।
অন্যদিকে রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৬৬ পিলারের কাছে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে সেই পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি নিশ্চিত করে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, রোববার সকালে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন নারী, দুইজন শিশু ও দুইজন পুরুষকে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এছাড়াও ইজলামরী বিওপির আওতায় ভুন্দুরচর সীমান্তে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করা হয়েছে। তারা সবাই শূণ্যরেখা থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হলেও সাড়া দিচ্ছেন না বিএসএফ।