দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. আল ইমরানের লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে। তিনি কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে আল ইমরানসহ চার বন্ধু ঢেপা নদীর তীরে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে আল ইমরান নদীতে সাঁতার কাটতে নামলে সে নিখোঁজ হয়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কাহারোল ফায়ার সার্ভিসকে অবহিত করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেয়। তবে প্রথম দিনের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং প্রথম দিনে কোনো সফলতা পাওয়া যায়নি।
পরে শনিবার বিকেলে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকায় ভেসে ওঠা লাশ উদ্ধার করে পুলিশ।
কাহারোল থানার ওসি মো. সেলিমুর রহমান সেলিম জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।