রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি অনুমোদন করেন।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, রংপুরের যুবসমাজকে সুসংগঠিত করতে এবং গণমানুষের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করতে এই কমিটিতে পরীক্ষিত ও উদ্যমী মুখদের ওপর আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
কমিটিতে আহ্বায়ক- রাকিবুল হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাতুজ্জামান ও সৈয়দ শামীম আহম্মেদ সদস্য সচিব মোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম সুমন, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র সংগঠক ওমর ফারুক আকাশ।
আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক বলেন, আমরা এমন এক সময়ে দায়িত্ব পেয়েছি। যখন এদেশের যুবসমাজ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। জুলাইয়ের সেই রক্তস্নাত চেতনাকে বুকে ধারণ করে রংপুর জেলা জাতীয় যুবশক্তি ফ্যাসিবাদের অবশিষ্টাংশ এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে।
সদস্য সচিব মোরশেদ আলম বলেন, আমাদের এই লড়াই স্রেফ পদ-পদবির লড়াই নয়। এ লড়াই জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লড়াই। আমরা রংপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই চেতনা পৌঁছে দেব। আগামী সাত দিনের মধ্যে আমরা একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং মেধাভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেব। রংপুরের যুবশক্তি হবে দেশের জন্য এক রোল মডেল।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেডএম