দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লি থেকে ৩৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়।
জানা যায়, গতকাল রোববার (২৪মে) রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিক্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার বড় চণ্ডীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ আয়েশা ছিদ্দিকা আশা (৩৫) নামে এক নারীকে আটক করে। এ সময় আটক নারীর বসতঘর ও দেহ তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম।