হোম > সারা দেশ > রংপুর

হাসপাতালে রোগী নেওয়ার একমাত্র বাহন মানুষের কাঁধ

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

গভীর রাতে প্রসবব্যথায় ছটফট করছেন এক অন্তঃসত্ত্বা নারী। চারদিকে শুধু নদী আর বালুচর। নেই অ্যাম্বুলেন্স, নেই পাকা রাস্তা, নেই দ্রুত হাসপাতালে পৌঁছানোর কোনো ব্যবস্থা। শেষ ভরসা চারজন মানুষের কাঁধ। বাঁশের সঙ্গে বেঁধে চেয়ারে বসিয়ে নদীর ঘাটের দিকে ছুটছেন স্বজনেরা। তারপর নৌকা, আবার দীর্ঘ পথ। কিন্তু অনেক সময় সেই লড়াই জেতা হয় না। হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় একটি প্রাণ কিংবা মায়ের বুক খালি করে পৃথিবী ছাড়ে অনাগত সন্তান। এটাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলের হাজারো মানুষের প্রতিদিনের বাস্তবতা।

উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তিস্তা চর। এখানে হাজার হাজার মানুষের বসবাস হলেও জরুরি চিকিৎসাসেবা আজও রয়ে গেছে অধরা। গুরুতর অসুস্থ রোগী, গর্ভবতী নারী কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে আধুনিক কোনো ব্যবস্থা নেই। অনেক এলাকায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রোগীকে নদীর ঘাট পর্যন্ত নেওয়ার মতো সড়কও নেই। ফলে চেয়ার, জলচৌকি কিংবা খাটলিই হয়ে ওঠে চরবাসীর অ্যাম্বুলেন্স।

সম্প্রতি তিস্তা চরাঞ্চলে এক অসুস্থ বৃদ্ধকে কাঠের চেয়ারে বসিয়ে বাঁশ ও দড়ি দিয়ে কাঁধে বহন করে নদীর ঘাটে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কচুয়া সরদারপাড়াসহ তিস্তা নদীর মাঝখানে অবস্থিত বিভিন্ন চর এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার পরিবারের পক্ষ থেকে সরকারি ব্যবস্থাপনায় দুটি স্পিডবোট ও বেতনভুক্ত চালক নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার এলাকাবাসীর পক্ষে মো. আল আমিন স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, চারদিকে নদী থাকায় উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান। কিন্তু সরকারি স্পিডবোট বা জরুরি রোগী পরিবহনের কোনো ব্যবস্থা না থাকায় সংকটময় মুহূর্তে মূল্যবান সময় নষ্ট হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার বলেন, ‘তিস্তা চরাঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগব্যবস্থা চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। জরুরি রোগী দ্রুত হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক সময় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা চিকিৎসাসেবা আরো কার্যকর করার জন্য কাজ করছি। তবে চরাঞ্চলের মানুষের নিরাপদ ও দ্রুত রোগী পরিবহনের জন্য সরকারি ব্যবস্থাপনায় স্পিডবোট বা নৌ-অ্যাম্বুলেন্স চালু করা অত্যন্ত প্রয়োজন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি