২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলার ১২ নম্বর কামারজানি ইউনিয়নের অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন তুলে দেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম।
এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
এসব কর্মসূচির সুফল যাতে প্রকৃত সুবিধাভোগীরা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, জনকল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন।
অনুষ্ঠানে সদর উপজেলা আমির ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূরুল ইসলাম মন্ডল, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢেউটিনপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।