হোম > সারা দেশ > রংপুর

বালাসী–বাহাদুরাবাদ ঘাট নৌরুট ২২ বছরেও চালু হয়নি, সেতুর দাবি জোরালো

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুট দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকায় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে।

একসময় এই নৌপথ দিয়েই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু নাব্য সংকট, নীতিগত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে ২০০৪ সালে সরকারিভাবে এই রুট পরিত্যক্ত ঘোষণা করা হয়।

একই সঙ্গে রেলওয়ের ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়। এরপর থেকে যমুনা সেতুর ওপরই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, ফলে যানজট, সময় ও ব্যয়—সবই বেড়ে যায়।

পরবর্তীতে ২০১৪ সালে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে একনেকে প্রকল্প অনুমোদন পায়। শুরুতে ব্যয় ধরা হয় ১২৪ কোটি ৭৭ লাখ টাকা, পরে তা সংশোধন করে প্রায় ১৪৫ কোটি টাকায় উন্নীত করা হয়। প্রকল্পের আওতায় বাস টার্মিনাল, টোল বুথ, পুলিশ ব্যারাক ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়।

তবে বাস্তবে অগ্রগতি হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কারিগরি কমিটি যমুনা ও ব্রহ্মপুত্র নদের নাব্য সংকট দেখিয়ে প্রায় ২৬ কিলোমিটার নৌপথকে ফেরি চলাচলের অনুপযোগী ঘোষণা করে। ফলে নির্মিত অবকাঠামো দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, “যেখানে নৌপথ চালুর নিশ্চয়তা নেই, সেখানে কেন এত বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হলো—এর কোনো জবাব পাওয়া যায়নি।”

এদিকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে রংপুর বিভাগের আট জেলার মানুষ এখন বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণের দাবি তুলেছেন। তাদের মতে, এই সেতু নির্মিত হলে যাতায়াত দূরত্ব ১০০ থেকে ১৭০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি ও ওহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং স্থানীয় সাংবাদিক মজিবর রহমান বলেন, একটি আধুনিক সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগই সহজ হবে না, কৃষি, শিল্প ও বাণিজ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, বালাসী টু বাহাদুরাবাদ ঘাট বা ফুলছড়ি টু বাহাদুরাবাদ ঘাটে সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

বালাসী ঘাট এলাকার স্থানীয় বাসিন্দা জসিজল হক ও সমেশ আলীসহ অনেকেই বলেন, “বারবার প্রকল্প নয়, এবার চাই স্থায়ী সমাধান। বালাসী–বাহাদুরাবাদ সেতু নির্মাণ এখন সময়ের অপরিহার্য দাবি।”

জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে বিপর্যস্ত রংপুরের জনজীবন

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

পীরগঞ্জ-তারাগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নীলফামারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গাইবান্ধায় নারীসহ দুইজনের লাশ উদ্ধার

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

দুই বছরের শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

‘মানুষ বিক্রির হাটে’ টিকে থাকার সংগ্রাম

পাবর্তীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত