হোম > সারা দেশ > রংপুর

গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার মধ্য দিয়ে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তবে জুলাই সনদ, গণভোট ও মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিচার নিশ্চিত না হলে শুধু চা নয়, বিরিয়ানি খেলেও সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়া প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে। চলমান সংকট যদি আরও ঘনীভূত হয়, তাহলে জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই চা খাওয়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। এটা পরবর্তীতে আলোচনা হবে। আর সেই আলোচনায় অবশ্যই গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরে তাদের দলীয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা অপরাধী, তাদের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের বিচার এবং এই ২০২৪-এর আগস্টের গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কার—এই চারটি মৌলিক বিষয়ে সমাধান হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই চারটি মৌলিক বিষয়ে সমাধান হওয়া ছাড়া শুধু চা খাওয়া নয়, বিরিয়ানি খেয়েও এটা সমাধান হবে না। অর্থাৎ এই ঐক্যের সেতুবন্ধন হবে গণভোট, জুলাই সনদ, বিচার এবং সংস্কারের কার্যক্রম শুরু করা।’

দেশের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে দায়িত্ব, সেই জায়গায় নিষ্ক্রিয়তা দেখা গেছে। একটি জেলার দুটি থানাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং পুলিশ সেখান থেকে চলে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উত্তরণে সরকারকে উদ্যোগ নিতে হবে। গণভোট, জুলাই সনদ, বিচার ও সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেই কেবল এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একক প্রার্থী দেওয়ায় ১১ দলীয় ঐক্যে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘স্থানীয় নির্বাচন তো সব সময় নির্দলীয়। নির্বাচন কমিশনও এটা নিশ্চিত করেছে এবং সরকারও বলেছে, এটা একটা নির্দলীয় নির্বাচন। তো নির্দলীয় নির্বাচনকে আপনি দলীয় রূপ দিতে পারবেন না। আর দলীয় রূপ যেহেতু দিতে পারবেন না, সুতরাং জোটের প্রশ্নও আসে না।’

তিনি বলেন, ‘সেই জায়গায় আমরা মনে করি, প্রত্যেক দল তার নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব জনপ্রতিনিধিত্ব তৈরি করার একটা সুযোগ। জামায়াতে ইসলামী মনে করে, জোট জোটের জায়গায় তার কর্মসূচি পালন করবে। আর স্থানীয় নির্বাচনে যার যার জায়গায় সে তার প্রতিনিধি ঠিক করবে এবং জনগণের কাছে যাবে, তার কথা বলবে।’

ড. মাসুদ আরও বলেন, ‘জনগণ যাকে গ্রহণ করবে, সে নির্বাচিত হয়ে আসবে। সে জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং আমরা মনে করি না যে, যেহেতু এটা রাজনৈতিক নির্বাচন না, পলিটিক্যাল ইলেকশন না; এটা একটা ইমপার্শিয়াল নির্বাচন, নির্দলীয় নির্বাচন। সুতরাং এখানে যে যার মতো করে নির্বাচন করবে, সেটাই স্বাভাবিক।’

তিনি বলেন, স্থানীয়ভাবে কোনো পক্ষ আলোচনা করতে চাইলে সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে বিবেচনা করা হবে। তবে এখনো এ ধরনের আলোচনার সময় আসেনি। প্রত্যেক দল নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন পরিচালনা করবে, এটাই স্থানীয় নির্বাচনের বৈশিষ্ট্য।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এবং মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।

পরে তিনি পানসি রেস্টুরেন্টে ছাত্রশিবিরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীর কুরআনের ছবক, কৃতি ১১০ জনকে সংবর্ধনা

ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে বিএনপির পতাকাতলে আসুন: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার

টানা ৪০ দিন জামাতে নামাজ, সাইকেলসহ পুরস্কার পেল ১৮ শিশু

দিনাজপুরে অচিরেই প্রতিষ্ঠা করা হবে ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ: এমপি জাহাঙ্গীর

নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ভণ্ড পীর গ্রেপ্তার

বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ

কিশোরগঞ্জে ২৬১ এতিমের হাতে কম্বল তুলে দিল উপজেলা প্রশাসন