কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার বোগমারী পঞ্চগ্রাম এলাকার সিদ্দিক শেখ (৫৫) ও তার ছেলে দুলু মিয়া (২৮)।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুলু মিয়া ও তার বাবা সিদ্দিক শেখ মোটরসাইকেলে তিস্তার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিদ্দিক শেখকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুলু মিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিক শেখও মারা যান।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম