ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবির ।
শুক্রবার বিকালে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান প্রধানের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়ি দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে ফেরেন জিসান। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিসান তার বাবাকে ফোন করে জানান, তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যে বাড়িতে ফিরবেন। রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ পাওয়া যায়। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে জিসানের বাড়িতে আসার কথা ছিল। রাত ৮টার দিকে বাবাকে ফোন করে জানায় সে দাউদকান্দি পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি।
এদিকে বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আদনান বলেন, প্রশাসনকে বলছি অতি শিগগিরই জিসানকে ফিরিয়ে দিন । নতুবা আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করব ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) খলিলুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে, অভিযোগ পেয়েছি। অনুসন্ধান প্রক্রিয়াধীন। প্রযুক্তির সহায়তায় ঘটনাটি তদন্ত করে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।