গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলাবাসী বালাসীঘাট এলাকায় এ কর্মসূচি পালন করেন।
বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচালক আলী কায়ছার বাবুল, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতের সহসেক্রেটারি ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রানু সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইলিয়াস হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন আহ্বায়ক রাজু মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। ঢাকায় যাতায়াতে পথ কমবে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। কমবে পণ্য পরিবহনের সময় ও খরচ। নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে।
এমই