হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় ভেঙে যাওয়া সড়ক স্থানীয় যুবকদের উদ্যোগে সংস্কার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গাইবান্ধার সাঘাটায় ভেঙে যাওয়া সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন স্থানীয় যুবকরা। সাঘাটা বাজারের পোস্ট অফিস থেকে যোগীপাড়া হয়ে ইটাকুরি মেইন সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া অংশ সংস্কার করেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অবৈধভাবে বালু বহনকারী ট্রলি চলাচলের কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে ধসে গেছে। এতে পথচারীসহ ছোট-বড় যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

সাধারণ মানুষের এ দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় যুবকদের নিয়ে গড়ে ওঠা সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থা। সংগঠনটির সদস্যদের সমন্বয়ে মঙ্গলবার সড়কের ভেঙে ও ধসে যাওয়া বিভিন্ন অংশে মাটি ভরাট করা হয়।

নিজেদের উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারের কাজে এগিয়ে আসায় এলাকাবাসীর প্রশংসা পাচ্ছেন এসব যুবক।

অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, “যে কাজ করলে মানুষের কষ্ট লাঘব হবে, এমন কাজ আমরা সব সময় করতে চাই। এ কাজটিও তারই অংশ।”

সড়ক সংস্কারের এ কাজে অংশগ্রহণ করেন শাহাবুদ্দিন, নিরব মোল্লা, রনি, নাইম মোল্লা, সোহেল রানা, ইসমাইল, আমিনুল মন্ডল ও একরামুল হক পিজন।

এ বিষয়ে জানতে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শীত আসছে ঠাকুরগাঁওয়ে, কুয়াশার চাদরে ঢাকা জনপদ

৩ শতাধিক খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর মিট দ্য প্লেয়ার

দিনাজপুরের ‘প্রযুক্তিগ্রামে’ ৫২ জাতের রাইস গার্ডেন

রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পলাশবাড়ীতে চার সাংবাদিককে আটকে মারধরের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এজাহার

কিশোরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময়

কিশোরগঞ্জের নতুন আলু প্রতি কেজি ৬৮ টাকা

দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ

কুঁচিয়া সংগ্ৰহেই জীবন চলছে মঙ্গল রায়ের

নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, দিশেহারা কৃষক