রংপুর দখল বক্তব্যের প্রতিবাদে
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর রংপুরকে ঘিরে আলোচিত বক্তব্যের প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় এবং রংপুর দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার বার্তা সামনে রেখে গঙ্গাচড়া জিরো পয়েন্টে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে "শুভেন্দু দুই গালে, জুতা মারো তালে তালে" স্লোগানও দেওয়া হয়।
প্রতিবাদ মিছিল শেষে মানববন্ধনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শামসুদ্দিন আহমেদ বলেন, ১৮৮২ সাল থেকে জায়নবাদীরা ফিলিস্তিনে এসেছিল অল্প সংখ্যায়, পরে তারাই ফিলিস্তিন দখল করেছে। আমরা আশঙ্কা করছি, একইভাবে রংপুরে হিন্দুদের পুশিং করে রংপুর দখল করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আপনার ক্ষমতা কতটুকু, নিজে এসে দেখে যান। রংপুরের মানুষ তাদের ভূমি, মর্যাদা ও অবস্থানের প্রশ্নে কোনো ছাড় দেবে না।
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহেব আলী বলেন, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যে গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রাম মন্দির নির্মাণ হচ্ছে। বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মুফতি মাওলানা আমান উল্লাহ বলেন, রংপুর দখলের স্বপ্ন দেখার আগে মানচিত্রটা আরেকবার দেখে নেওয়া দরকার। রংপুর কোনো শূন্য জায়গা নয় এখানে মানুষ আছে, ইতিহাস আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। কথায় দখল করা সহজ, বাস্তবে রংপুরের মানুষ তাদের অবস্থান জানাতে জানে। তাই দিবাস্বপ্ন দেখে লাভ নেই, বাস্তবতা বুঝতে হবে।
কর্মসূচির আয়োজক ভারতীয় আধিপত্যবাদবিরোধী তৌহিদি জনতা জানায়, জাতীয় স্বার্থ, আঞ্চলিক মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে আবার একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গঙ্গাচড়া জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এমএইচ