পঞ্চগড়ের বোদা উপজেলার ঝিনাইকুড়ি নদী খনন কার্যক্রম উদ্বোধনে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ড্রেজার নয় শ্রমিক দিয়ে এই খাল খনন করা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। মন্ত্রণালয়ের মিটিংয়ে বার বার এ কথা হয়েছে আমরা মানুষকে আর ঢাকামুখী করতে চাই না। আমার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ড্রেজার দিয়ে কাজ করলে লাগবে ৫ লাখ আর শ্রমিক দিয়ে করলে লাগবে ৭ লাখ। একটু বেশি টাকা লাগে লাগুক তবুও মানুষের কর্মসংস্থান হোক। আমরা টাকাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা একজনকে ধনী বানাতে চাই না। আমরা ১শ জনকে জীবনজীবিকা ও বাসস্থান আর কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। স্বাবলম্বী করতে চাই। এটাই আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য।
মঙ্গলবার সকালে জেলার বোদা উপজেলাধীন খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা বাস্তবায়ন করবেন। আমি আশা করবো দল মত ধর্ম বর্ণ বাদ দিয়ে আমরা সবাই সবার স্বার্থে সহায়তা করবো।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ৫ হাজারের কাছাকাছি নদী, খাল, জলাশয় খনন করে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, খাদ্য রপ্তানিও করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় ইনশাআল্লাহ চার বছরের ভিতরে আমরা এই ২০ হাজার কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করবো, যার মধ্যে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানি করতে সক্ষম হবো।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত খাল পুন:খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রবিউল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও (সার্কেল) কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।