বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের পাঁচ জেলার ৬৩ জন এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার আরও ১২ জনসহ মোট ৭৫ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির এ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১১ জন, পঞ্চগড়ের সাতজন, নীলফামারীর পাঁচজন, নওগাঁর একজন এবং জয়পুরহাটের ১১ জন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ এবং পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ বিভাগের বিভিন্ন সাংবাদিক নেতা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিরা উপস্থিত সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন।