দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী সহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে উপজেলার মধ্যপাড়া বাজারের পার্শ্বে কাল নদীর বউবাজার ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুরের মধ্যপাড়া বউবাজারের দুলালের দুই মেয়ে দুলালী বেগম (২২), তার ছোট বোন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরভী খাতুন (১৪) ও তাদের ভাবি আকলিমা বেগম (১৯) বাড়ির পাশে মরা কাল নদীতে গোসল করতে নেমে আকস্মিক ভাবে পানির নিচে তলিয়ে যায়।
এদিকে ঘন্টাখানেক পরও তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ধারে গিয়ে দেখতে পায় তাদের জামা কাপড় নদীর ধারে পড়ে আছে অথচ তারা তিন জন নিখোঁজ। এ সময় লোকজনের সন্দেহ হলে তারা একটি মুঠ জাল নিয়ে এসে নদীতে জাল ফেলে ওই তিন নারীর লাশ উদ্ধার করে।
এবিষয়ে স্থানীয় লোকজন জানান, মরা কাল নদীর বউবাজার ঘাটে দীর্ঘদিন ধরে স্থানীয় নারী পুরুষ গোসল করে আসছে। কিন্তু চলতি বছর আকস্মিকভাবে নদীর তলদেশ গভীর হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবর্তীপুর মডেল থানার ওসি আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে আসলে সেখানে কি হয়েছিল?