ফুলছড়ির কঞ্চিপাড়ার এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া তাছনিন সাথী চমকে দিয়েছেন গাইবান্ধাবাসীকে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ১ ও ২ মে অনুষ্ঠিত হয়েছে ‘১৩তম আন্তর্জাতিক কানেক্টহার চলচ্চিত্র উৎসব’। আন্তর্জাতিক এই মঞ্চে তিনি এবার পুরস্কৃত হয়েছেন।
এতে বিশ্বের ২৬টি দেশের ১৮৪টি চলচ্চিত্র অংশ নিয়েছে। সেখানে ‘ওমেন অ্যান্ড ওয়ার্ক’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছেন তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘রেশমা. অ্যা স্ট্রাগল ফর আইডেন্টিটি’র জন্য।
গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের এই শিক্ষার্থীর এটি প্রথম চলচ্চিত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নভেরা হাসান নিক্কণের অধীনে গাইবান্ধা সরকারি কলেজে চলচ্চিত্রবিষয়ক ওয়ার্কশপ করেছিলেন।
সেই সূত্রে ‘কানেক্টহার’-এর ফেলোশিপের মাধ্যমে তিনি চলচ্চিত্রের কারিগরি ও সৃজনশীল কৌশলগুলো রপ্ত করেন। সাথীর এ অর্জনে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন। এ খবরে এলাকায় আনন্দের বন্যা বইছে।