বাংলাদেশের সীমান্তে ভারত সরকারের পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখা”-এর উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিরামপুরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম বলেন, সীমান্তে পুশ-ইন, নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন ও হত্যা বন্ধ না হলে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা জাগপার আহ্বায়ক ইমরুল কায়েস রুপম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, এনসিপির জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা আমির হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এনামুল হক এবং সাবেক জেলা শিবির সভাপতি জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন বন্ধ এবং সীমান্ত হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিরামপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।