রংপুরের তারাগঞ্জ উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর রহমান টানা এক দশকেরও বেশি সময় ধরে এক কর্মস্থলে বহাল রয়েছেন। তার দীর্ঘ এই অবস্থানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন তিনি ।
অফিস সূত্রে জানা যায়, বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শাহীনুর রহমান ২০১৫ সালের ৩ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদান করেন। এখন পর্যন্ত তিনি ওই কর্মস্থলে একই পদে দায়িত্ব পালন করে আসছেন। এ সময়ে ওই অফিসে একাধিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা বদলি হয়ে এলেও তার ক্ষেত্রে কোনো বদলির আদেশ কার্যকর হয়নি।
জনপ্রশাসন ও শিক্ষা প্রশাসনের নীতিমালা অনুযায়ী, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘদিন একই কর্মস্থলে না রাখার উদ্দেশ্য হলো প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে প্রভাববলয় গড়ে ওঠার সুযোগ কমিয়ে আনা। কিন্তু তারাগঞ্জে দীর্ঘদিন একই পদে কর্মরত থাকার ঘটনায় এসব নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও সচেতন নাগরিকের অভিযোগ, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে শিক্ষা প্রশাসনে এক ধরনের প্রভাববলয় তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকার সুযোগে তিনি একটি শক্তিশালী প্রভাববলয় গড়ে তুলেছেন। তিনি আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের ঘনিষ্ঠ ছিলেন।
এ বিষয়ে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমই