নীলফামারীর সৈয়দপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে কমিউনিটি ইমপাওয়ারমেন্ট বাংলাদেশ (সিইবি) ফাউন্ডেশন।
শনিবার সিইবি ফাউন্ডেশনের বিনামূল্যের কোচিং সহায়তায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং প্রিন্সিপাল অর্গানাইজেশন সৈয়দপুরের সভাপতি লুৎফর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইবি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসের বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিইবির ভাইস চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. এজাজুল হক এবং কোষাধ্যক্ষ সৈয়দ ফখরুল হুদা।
অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
জেডএম