হোম > সারা দেশ > রংপুর

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

রংপুর অফিস

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, জনগণের কল্যাণই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং তিস্তা অববাহিকার মানুষের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে প্রকল্পটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

শুক্রবার লালমনিরহাটের তিস্তা অবসরে নদী পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার। জনকল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা পাড়ের মানুষ যাতে সর্বোচ্চ সুফল পায়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের দীর্ঘমেয়াদি উপকার নিশ্চিত করেই সরকার প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তিস্তা অববাহিকার মানুষ যাতে স্থায়ীভাবে উপকৃত হয়, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। সকল পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে সরকার দ্রুত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ অনুমোদনের জন্য উপস্থাপন করবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের মতো তিস্তা প্রকল্পও বাস্তবায়নের সক্ষমতা সরকারের রয়েছে।

এদিন মন্ত্রী ও সফরসঙ্গীরা নীলফামারীর চাঁদের হাট, কচুকাটা, টেংগন নদী, জলঢাকা ও দেওনাই এলাকা এবং লালমনিরহাট জেলার চাড়ালকাটা নদী, রাজারহাট, ধানজাই ও তিস্তা প্রধান সেচ খাল পরিদর্শন করেন। তারা নদীভাঙন, পানি ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লা, অতিরিক্ত মহাপরিচালক মো. রুহুল আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণ এ সময় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও জীবনমান উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে।

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ