হোম > সারা দেশ > রংপুর

রংপুর-ঢাকা রুটে দ্বিগুণ ভাড়া আদায়, চরম ভোগান্তিতে যাত্রীরা

সিন্ডিকেটে বাসের টিকিট বিক্রি

রংপুর অফিস

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাস সংকট ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে টিকিটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না সিট, উল্টো গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

শনিবার নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, শত শত যাত্রী ঢাকাগামী টিকিটের জন্য কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। তবে অভিযোগ উঠেছে, কাউন্টারে টিকিট না থাকলেও দালালদের মাধ্যমে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা হচ্ছে।

যাত্রীরা জানান, সাধারণত ৮০০ টাকার ভাড়া ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এমনকি কোনো কোনো বাসে ভাড়া ২ হাজার টাকাও চাওয়া হচ্ছে। বাস ফাঁকা থাকলেও কাউন্টারে টিকিট না দিয়ে ‘আগেই বুকিং হয়ে গেছে’ বলে জানানো হচ্ছে।

যাত্রী হানিফ মন্ডল অভিযোগ করে বলেন, “কাউন্টার বলছে সিট নেই, কিন্তু বাইরে দালালরা দ্বিগুণ দামে টিকিট দিচ্ছে। এখানে স্পষ্ট সিন্ডিকেট কাজ করছে।”

আরেক যাত্রী নাসিম উদ্দিন বলেন, “সব কাউন্টার ঘুরেও টিকিট পাইনি। অথচ বাস দাঁড়িয়ে আছে। দালালদের কাছে গেলে ২ হাজার টাকা চাচ্ছে।”

কামারপাড়া বাসস্ট্যান্ডে অপেক্ষারত বিপ্লব জানান, কিছু এসি বাসে সিট থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। একই ধরনের অভিযোগ করেন রহিম মিয়া, যিনি সিলেট যাওয়ার পরিকল্পনা বদলে ঢাকা হয়ে যেতে চাইলেও টিকিট পাচ্ছেন না।

এদিকে বাস কাউন্টার সংশ্লিষ্টরা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার আতাউর রহমান জানান, জ্বালানি সংকটের কারণে রুটে বাসের সংখ্যা কমে গেছে। আগে যেখানে ১৮টি বাস চলাচল করত, এখন সেখানে ১২টি চলছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে।

বাস মালিকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে যাত্রীরা এ দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে নগরীর মডার্ন মোড় এলাকায় অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীরা সড়ক অবরোধ করেন। এতে প্রায় ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ২৯ ও ৩০ মার্চ পর্যন্ত টিকিটের চাহিদা বেশি থাকায় ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

কাউনিয়ায় তীব্র জ্বালানি সংকট, লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না কৃষক-চালক

কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

ভূরুঙ্গামারীতে সাত ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

জলঢাকায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পলাশবাড়ীতে নারীর লাশ উদ্ধার

ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি পালনে জনমনে প্রশ্ন

নীলফামারীতে মধ্যরাতে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

পাটগ্রামে কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে লাখ টাকার গাছ