হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

আব্দুর রাজ্জাক, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নে নির্মিত সড়ক। আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গ্রামীণ সড়কের কার্পেটিং ঢালাইয়ের মাত্র সাত দিনের মধ্যেই উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, পর্যাপ্ত বিটুমিন না দেওয়া এবং নির্মাণ নীতিমালা উপেক্ষা করে কাজ সম্পন্ন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিন দেখা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় সদ্য নির্মিত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং আলগা হয়ে উঠছে। কোথাও কোথাও হাত বা পায়ের সামান্য ঘষাতেই পিচ উঠে যাচ্ছে। সড়কের কয়েকটি অংশে ফাটল এবং পাশের অংশে ভাঙনের চিহ্নও দেখা গেছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাগুড়া ইউনিয়নের চেকপোস্ট থেকে দর্জিপাড়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্স।

স্থানীয়দের অভিযোগ, সরকারি ছুটির দিনে তদারকি কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করেছে। সড়ক নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি ভরাট ও সমতলকরণ করা হয়নি। এছাড়া ইট-খোয়া এবং বালু ও কুচি পাথরের সঠিক স্তর না দিয়েই তড়িঘড়ি করে বিটুমিনের প্রলেপ দেওয়া হয়। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, ঢালাই দেওয়ার মাত্র সাত দিনের মাথায় রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা ঠিকাদারকে বারবার ভালোভাবে কাজ করার কথা বললেও তিনি কোনো গুরুত্ব দেননি।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু অভিযোগ করে বলেন, সরকারি ছুটির দিনে কাজ করা হয়েছে এবং তখন কোনো তদারকি কর্মকর্তা উপস্থিত ছিলেন না। স্থানীয়রা নিম্নমানের কাজের বিষয়ে আপত্তি তুললেও ঠিকাদার তা উপেক্ষা করেছেন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মসগুল হক সাংবাদিকদের জানান, সেখানে কোনো নিম্নমানের কাজ করা হয়নি। আমরা বিভিন্ন স্থানে কাজ করেছি, কোথাও কোনো অভিযোগ নেই। শুধু এ প্রকল্প নিয়েই অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা