গাইবান্ধার সাঘাটা উপজেলার আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে গাজীপুরের হারিকেন এলাকা থেকে সাঘাটা থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মাহবুব আলম। আসামিকে সাঘাটা থানায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃত মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে সদ্য বহিষ্কার হয়েছেন।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মাওলানার ছেলে এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।
ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।
নিহত সাইফুল্লাহর বাবা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১০-১৫ জনের নামে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এমএইচ