গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
রোববার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৩২), ছোটন মিয়ার ছেলে রাফি (২২) এবং নবীর হোসেনের ছেলে মিজান (১২)। আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় দুই তরুণ ও শিশুটি বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সঙ্গে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই গ্রামের তিনজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।