হোম > সারা দেশ > রংপুর

কর্তৃপক্ষের টালবাহানায় স্থায়ী হতে পারছেন না ২৭৬ কর্মচারী

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাধ্যমে সারা দেশের উন্নয়ন হলেও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ২০-২৫ বছর ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি করলেও খনি কর্তৃপক্ষের টালবাহানায় আজও ২৭৬ কর্মচারীর চাকরি স্থায়ী হয়নি।

চাকরি স্থায়ী না হওয়ায় কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ইনক্রিমেন্ট, প্রফিট বোনাস ও ডাস্ট অ্যালাউন্সসহ অন্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

অস্থায়ী কর্মচারীদের সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডে (বিসিএমসিএল) আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৭৬ জন কর্মচারী কাজ করেন। ১৯৯৯ সাল থেকে ২০০৯ সালের মধ্যে তারা কাজে যোগ দেন। ২০০৯ সালে বিসিএমসিএল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী সরকারি নীতিমালা শিথিল করে এসব কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ২০১০ সালে বিজ্ঞপ্তি দিয়ে শুধু কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এ সময় নিয়োগ থেকে বঞ্চিত করা হয় কর্মচারীদের। কর্মচারীদের বঞ্চনার বিষয়টি ২০১৩ সালে জেলা প্রশাসকদের সম্মেলনে ওঠে। সেখানে কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এ বিষয়ে একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়। কিন্তু সেই নির্দেশনাও বাস্তবায়ন করা হয়নি।

২০১৮ সালে বঞ্চিত ৮৭ জন কর্মচারীর পক্ষে সোহেল রানা নামের এক কর্মচারী হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২০০৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মচারী পদে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া ৩ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। কিন্তু এটিও বাস্তবায়ন করা হয়নি। এরপর ২০১৯ সালে বিসিএমসিএল হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করলে, আপিল বিভাগ ২০২৩ সালে হাইকোর্টের আদেশ বহাল রাখে।

পরবর্তীতে বিসিএমসিএল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে একই বছর রিভিউ পিটিশন করলে আপিল বিভাগ ২০২৪ সালে পূর্বের আদেশ বহাল রেখে রিভিউ খারিজ করে দেয়। এরপরও কর্মচারীদের স্থায়ী নিয়োগ দেয়নি খনি কর্তৃপক্ষ। ফলে স্থায়ী নিয়োগ না পাওয়া কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ইনক্রিমেন্ট, প্রফিট বোনাস ও ডাস্ট অ্যালাউন্সসহ অন্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

কর্মচারীদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ আইনি মতামত নেওয়ার বাধ্যবাধকতা দেখিয়ে সময়ক্ষেপণের নতুন ফন্দি এঁটেছে। আইনি মতামত নেওয়ার জন্য বিসিএমসিএল থেকে গত বছর পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, আইন ও বিচার বিভাগের মতামত চেয়ে নথি পাঠানো হয়। জবাবে এ বছর ২৯ জুন আদালতের আদেশ বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে বলে মতামত দেওয়া হয়। এ মতামতের পর কর্মচারীরা আশার আলো দেখলেও খনি কর্তৃপক্ষ নিয়োগ ঠেকাতে নানা টালবাহানা করেই যাচ্ছে।

এ বিষয়ে কর্মচারী সোহেল রানা বলেন, ২০০৯ সাল থেকে আমরা চরম বৈষম্যের শিকার। সব আইনি প্রক্রিয়া শেষ হলেও এখনও নিয়োগ দিতে গড়িমসি করছে কর্তৃপক্ষ। আমরা খনি কর্তৃপক্ষকে ৩১ জুলাইয়ের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে চিঠি দিয়ে জানিয়েছি। যদি এর মধ্যে আমাদের স্থায়ী নিয়োগ দেওয়া না হয়, তবে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তখন অনাকাঙ্খিত পরিস্থিতির সম্পূর্ণ দায় তাদেরই নিতে হবে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানাউল্লাহ জানান, আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়াটি চলমান। ২০১৮ সালে হাইকোর্ট তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা দিলেও আইনি জটিলতায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ, রিট করা ৮৭ কর্মচারীর মধ্যে ২০০৯ সালে ২৩ জন আবেদনই করেনি।

যারা আবেদন করেছে তাদের অনেকের পদ বিলুপ্ত হয়েছে। কর্মচারীরা আমাদের নামে আদালত অবমাননার মামলা করে। সেই মামলা এখনও চলমান। এ ছাড়াও আমরা আইনি মতামত চেয়ে পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, আইন ও বিচার বিভাগকে চিঠি দিয়েছি। এখনও অফিসিয়ালি কোনো মতামত পাইনি। তারপরও আমরা ২০০৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন যাচাই বাছাই করছি।

এ ব্যাপারে খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকারকে কল করা হলেও তা রিসিভ হয়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তার কোনো জবাব আসেনি।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন