সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। অপরদিকে, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে হাসপাতাল পয়েন্ট থেকে আরেকটি মিছিল বের হয়। পরে উভয় পক্ষের মিছিল থানার সামনে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ উপজেলা পরিষদের সামনে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে অপর পক্ষ থানার দক্ষিণ পাশে অবস্থান করছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীর নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।